ইরানের সঙ্গে স্থল ও সমুদ্রপথে বাণিজ্য এবং সামরিক সরঞ্জাম পরিবহন বন্ধ করতে নতুন টাস্কফোর্স ‘আয়রন গেট’ গঠন করেছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ইরানকে কার্যত বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকেরা বলছেন, প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা ছাড়া এ উদ্যোগে ইরানের সীমান্ত পুরোপুরি অবরুদ্ধ করা সম্ভব নয়। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইরানে খুব সামান্যই প্রবেশ করছে, কিংবা দেশটি থেকে বের হচ্ছে।’ এর এক দিন আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নতুন টাস্কফোর্স ‘আয়রন গেট’-এর ঘোষণা দেয়।
নতুন এই ইউনিটের লক্ষ্য, ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর ব্যবহার করে উন্নত অস্ত্র, প্রযুক্তি এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পরিবহন বন্ধ করা। ফ্লোরিডার টাম্পায় অবস্থিত ইউনিটটি মার্কিন বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। পাশাপাশি নিষিদ্ধ পণ্য, দ্বৈত ব্যবহারের প্রযুক্তি এবং অবৈধ অর্থের প্রবাহ বন্ধের উদ্যোগ নেবে।
বিশ্লেষকদের মতে, স্যাটেলাইট, ড্রোন, গোয়েন্দা তথ্য, আর্থিক নজরদারি এবং মিত্র দেশগুলোর সহযোগিতার মাধ্যমে ইরানের সরবরাহ নেটওয়ার্কে বাধা সৃষ্টি করতে পারে যুক্তরাষ্ট্র। তবে মাত্র ২০ সদস্যের একটি গোয়েন্দা ইউনিটের পক্ষে হাজার হাজার কিলোমিটার সীমান্ত নিয়ন্ত্রণ করা অসম্ভব।
লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগের মতে, আয়রন গেট মূলত ইরানের স্থলভিত্তিক সরবরাহ ব্যবস্থায় মার্কিন নৌ অবরোধের প্রভাব বিস্তারের চেষ্টা। তবে ইরানের প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা ছাড়া দেশটির সীমান্ত কার্যকরভাবে বন্ধ করা যাবে না।
বিশ্লেষকদের আশঙ্কা, এ উদ্যোগের ফলে ইরাক, আজারবাইজান, তুরস্ক, পাকিস্তান ও তুর্কমেনিস্তানের মতো প্রতিবেশী দেশগুলো নতুন করে সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বিশেষ করে রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কের কারণে এসব দেশের অনেকেই যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে অনাগ্রহী হতে পারে।
এ ছাড়া ইরানের দীর্ঘদিনের বাণিজ্যিক নেটওয়ার্ক পুরোপুরি বিচ্ছিন্ন করা অত্যন্ত কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরো এবং অন্যান্য বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের উদ্দেশ্য শুধু অস্ত্র সরবরাহ বন্ধ করা নয়, বরং ইরানের সামরিক সরঞ্জাম সংগ্রহকে আরও ব্যয়বহুল, ধীর ও ঝুঁকিপূর্ণ করে তোলা।
তবে নতুন টাস্কফোর্স নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। সাবেক মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তা জো কেন্টের অভিযোগ, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন ইরানের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন, তখন সেন্টকমের এই উদ্যোগ সংঘাত আরও বাড়িয়ে দিতে পারে।
কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহজুব জুয়েরিও মনে করেন, কাস্পিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক উপস্থিতি না থাকায় আয়রন গেটের কার্যকারিতা সীমিত হতে পারে। তার মতে, প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা কিংবা স্থলবাহিনী মোতায়েন ছাড়া এই উদ্যোগ বাস্তবায়ন কঠিন।

স্বাধীনতা নিউজ ডেস্ক : 





















