দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমেছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানিয়েছে, সোমবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই সোনা ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। সনাতনী স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরি প্রতি ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
এর আগে ২৬ সেপ্টেম্বর স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেদিন সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম ভ্যাটসহ ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করে বাজুস। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার গহনাতেও দাম কমিয়েছে বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৩১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭৯৯ টাকা।