তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে একটি লোহা ও ইস্পাত কারখানায় বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। হতাহত সবাই কারখানাটির শ্রমিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
সোমবার দেশটির ইজমির প্রদেশের আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস দেমির চেলিক কারখানায় এ বিস্ফোরণ ঘটে। এটি তুরস্কের অন্যতম বৃহৎ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান। ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে বড় ধরনের আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয় গভর্নর জানিয়েছেন, দুপুরের দিকে একটি ক্রেনের মাধ্যমে নতুন বয়লার সরানোর সময় সেটি ভেঙে পড়ে। এতে বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লির মধ্যে পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রথমে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশওলু জানান, গুরুতর আহতদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণে আশপাশের মাটি কেঁপে ওঠে। প্রথমে একজন প্রত্যক্ষদর্শীর ধারণা হয়েছিল, ভূমিকম্প হয়েছে।
কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে কারখানার একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে কাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।
ইজমিরের গভর্নর সুলেমান এলবান গণমাধ্যমকে বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ান হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পাশাপাশি উদ্ধার অভিযানও অব্যাহত রয়েছে।
বিবিসির তুর্কি বিভাগের বরাতে জানা গেছে, স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তারের কথা বলা হয়েছে।
সূত্র :
বিবিসি