পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় এক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি)-সহ অন্তত সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন পুলিশ কর্মকর্তা। সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
হাঙ্গুর জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) তারিক হাবিব জানান, বুধবার (২৯ জুলাই) হাঙ্গুর খাজিনা বান্দা এলাকার পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে সন্ত্রাসীরা আচমকা হামলা চালায়। নিহত উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ডিএসপি মুজাহিদ হুসেইন রয়েছেন।
সন্ত্রাসীদের হামলার মুখে পুলিশও তাৎক্ষণিক পাল্টা গুলি চালায়। দুপক্ষের তীব্র গোলাগুলিতে অন্তত আটজন হামলাকারী নিহত এবং ছয়জন আহত হয়। ঘটনার পর থেকে পুরো এলাকা ঘিরে রেখে সন্ত্রাসীবিরোধী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস)-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানের মোট সহিংসতার ৯৬ শতাংশই সংঘটিত হয়েছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। কেবল এই তিন মাসেই খাইবার পাখতুনখোয়ায় ১৫১টি ঘটনায় ৪৭৫ জন এবং বেলুচিস্তানে ৯৪টি সহিংস ঘটনায় ২৬৫ জন প্রাণ হারিয়েছেন, যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটকে আরও ঘনীভূত করছে।

স্বাধীনতা নিউজ ডেস্ক : 





















