কানাডাজুড়ে ছড়িয়ে পড়া শত শত দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ঘন ধোঁয়ার চাদরে ঢেকে যাওয়ায় দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে কানাডার বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প অভিযোগ করেন, কানাডার ইচ্ছাকৃত অবহেলার কারণেই যুক্তরাষ্ট্র দূষিত, অস্বাস্থ্যকর ও নোংরা বাতাসের শিকার হচ্ছে। তিনি জানান, এ বিষয়ে ব্যাখ্যা জানতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে কথা বলবেন।
যুক্তরাষ্ট্রের কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা কানাডার দাবানল মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বানের পরেই এ মন্তব্য করেন ট্রাম্প।
এদিকে ট্রাম্পের রিপাবলিকান দলের কয়েকজন সদস্য আবারও তার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর প্রস্তাবের পক্ষে কথা বলেছেন। এই মন্তব্য কানাডিয়ানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে এবং এর প্রতিবাদে অনেকেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ বন্ধ করে দিয়েছেন।
কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত দেশটিতে ৮৮৮টি সক্রিয় দাবানল ছিল, যার বেশিরভাগই নিয়ন্ত্রণের বাইরে। শুধু অন্টারিওতেই ১৯০টির বেশি দাবানল জ্বলছিল। চলতি মৌসুমে ইতোমধ্যে প্রায় ৩০ লাখ হেক্টর বনভূমি পুড়ে গেছে।
দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের মিনেসোটা, মিশিগান, পেনসিলভানিয়া, ওহাইও, নিউইয়র্কসহ উত্তরাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে। অনেক এলাকায় 'বিপজ্জনক' মাত্রার বায়ুদূষণ সতর্কতা জারি করা হয়েছে। খারাপ বায়ুমানের কারণে বিভিন্ন শহরে কনসার্ট, গ্রীষ্মকালীন ক্যাম্প এবং জনসমাগমের অনুষ্ঠান বাতিল বা স্থগিত করা হয়েছে। দুর্বল দৃশ্যমানতার কারণে কিছু বিমানবন্দরে ফ্লাইটও বিলম্বিত হয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট। এরপর ছিল শিকাগো ও ওয়াশিংটন ডিসি। নিউইয়র্কের অবস্থান ছিল সপ্তম।
এদিকে অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, সমালোচনা না করে যুক্তরাষ্ট্রের উচিত আগুন নেভানোর কাজে সহায়তা পাঠানো। তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে কানাডা ক্যালিফোর্নিয়ার দাবানল এবং নর্থ ক্যারোলিনার হারিকেন-পরবর্তী উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছিল।
ফোর্ড জানান, বর্তমানে ১৫০টির বেশি অগ্নিনির্বাপণ দল, ৮০টির বেশি ওয়াটার বোম্বার বিমান ও হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ২০১৮ সাল থেকে দাবানল মোকাবিলায় তার সরকার এক বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও ট্রাম্পের অভিযোগের জবাবে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা দুই দেশেরই যৌথ দায়িত্ব। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের দায় সবার, এর মধ্যে যুক্তরাষ্ট্রও রয়েছে।’
কানাডার জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রিসভার এক সদস্য জানান, দাবানল মোকাবিলায় দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার ইতিহাস রয়েছে। ১৯৮২ সালের পারস্পরিক অগ্নিনির্বাপণ চুক্তি এবং ২০২৫ সালের জি-৭ সম্মেলনের পর স্বাক্ষরিত সহযোগিতা চুক্তির আওতায় উভয় দেশ নিয়মিত সমন্বয় করছে।
তবে বিজ্ঞানীরা বলছেন, দাবানলের জন্য শুধু কানাডাকে দায়ী করা বাস্তবসম্মত নয়। টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. প্যাট্রিক জেমস বলেন, ‘আবহাওয়া কোনো আন্তর্জাতিক সীমান্ত মানে না।’ তার মতে, একবার ধোঁয়া বায়ুমণ্ডলে উঠে গেলে বাতাসের প্রবাহ অনুযায়ী তা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের দাবানলের ধোঁয়াও একইভাবে কানাডাকে প্রভাবিত করেছে।
বিশেষজ্ঞদের মতে, উত্তর অন্টারিওর দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত এবং জলবায়ু পরিবর্তনের কারণে এবারের দাবানল পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। অনেক আগুনের সূত্রপাত হয়েছে বজ্রপাতের কারণে, আর কানাডার বিশাল ও দুর্গম বনাঞ্চলে আগুন দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণ করাও অত্যন্ত কঠিন।
এদিকে চলমান দাবানলে উত্তর অন্টারিওর একাধিক ফার্স্ট নেশনস সম্প্রদায় প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের জরুরি ভিত্তিতে ছোট নৌকায় করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অন্টারিও সরকার জানিয়েছে, অন্তত ১০টি সম্প্রদায়ের মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়েছে।
অন্যদিকে এই ধোঁয়ার প্রভাব রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল নিয়েও উদ্বেগ তৈরি করেছে। উন্মুক্ত স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি দেখতে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিত থাকার কথা রয়েছে। যদিও আবহাওয়াবিদদের ধারণা, সপ্তাহান্তে সম্ভাব্য বৃষ্টিপাতের কারণে ম্যাচ শুরুর আগে ধোঁয়ার ঘনত্ব কিছুটা কমে আসতে পারে।

স্বাধীনতা নিউজ ডেস্ক : 





















