নির্বাচনের পর সরকারপ্রধানের প্রথম এ সফরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে এগিয়ে নেওয়ার প্রত্যাশা স্থানীয়দের।
একদিকে সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন, অন্যদিকে মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। এর সঙ্গে অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিনিয়োগের সুযোগ। বিনিয়োগ আর অর্থনৈতিক অপার সম্ভাবনা দক্ষিণ-পশ্চিমাঞ্চলজুড়ে।
উন্নয়নের সম্ভাবনায় যুক্ত গুরুত্বপূর্ণ এসব স্থান এবার সরেজমিনে দেখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিদ্যালয় মাঠসহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও দায়িত্বশীলরা।
নলিয়ান থেকে নৌপথে মোংলা বন্দরে পৌঁছে নির্ধারিত সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বন্দরের জেটি পরিদর্শন করবেন তিনি। বন্দরের কার্যক্রমের পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরে গুরুত্ব পাচ্ছে প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন। বন্দর ব্যবহার বাড়ানোর সঙ্গে বিনিয়োগ ও কর্মসংস্থান সম্প্রসারণের সম্ভাবনাও গুরুত্ব পাচ্ছে সফরে।
দাকোপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, প্রধানমন্ত্রী দাকোপের নলিয়ানে আসছেন ২২ অক্টোবর। এটা সরকারি সফর। স্থানীয় কোনো প্রগ্রাম হবে না। তবুও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আমরা এবং প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। এখানকার মানুষ প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এ দিকে দুই সপ্তাহ পর, আগামী ৫ নভেম্বর ফের খুলনায় আসার কথা রয়েছে প্রধামন্ত্রীর। ওই দিন জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করবেন তিনি।

স্বাধীনতা নিউজ ডেস্ক : 





















