ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে কলেজ ছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রাম এবং কালাদহ ইউনিয়নের নিজপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দেবগ্রাম গ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬)। তুলী ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। অন্যদিকে নিজপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেক (৫৮)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন তুলী রানী সেন। এ সময় হালকা বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিজপাড়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, বাজার থেকে ফেরার সময় হঠাৎ বজ্রপাত হলে আব্দুল খালেক মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

স্বাধীনতা নিউজ ডেস্ক : 





















